১৬ আশ্বিন ১৪৩৩, অক্টোবর ২, ২০২৬

মন্ত্রিসভায় রদবদল, কে কোন দায়িত্ব পাচ্ছেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯:২১, ২১ আগস্ট ২০২৬

মন্ত্রিসভায় রদবদল, কে কোন দায়িত্ব পাচ্ছেন

আবদুল মঈন খান ও আন্দালিভ রহমান পার্থ (ওপরে বাঁ থেকে); আফরোজা খানম রিতা ও রশিদুজ্জামান মিল্লাত (নিচে বাঁ থেকে)

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের মন্ত্রিসভায় আজ শুক্রবার প্রথমবারের মতো রদবদল হতে যাচ্ছে। নতুন কয়েকজনকে মন্ত্রিসভায় যুক্ত করার পাশাপাশি কয়েকজনের দপ্তরেও পরিবর্তন আনা হচ্ছে বলে সরকারের উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে।

সম্ভাব্য রদবদলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও বিএনপির জোটসঙ্গী আন্দালিভ রহমান পার্থকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে।

আজ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ নেওয়ার কথা রয়েছে। এরপরই নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হতে পারে। মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব আবদুল মঈন খানকে দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সরকারের উচ্চপর্যায়ের সূত্রগুলো বলছে, আবদুল মঈন খান ও আন্দালিভ রহমান পার্থের পাশাপাশি মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, সাচিং প্রু জেরী ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। সাচিং প্রু জেরী পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকন ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হতে পারেন।

সাচিং প্রু জেরী ও শামীম কায়সার লিংকন দুজনই বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং জাতীয় সংসদের সদস্য।

এদিকে বর্তমানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়েও পরিবর্তন আসছে। বর্তমানে এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। একই সঙ্গে বর্তমান মন্ত্রী আফরোজা খানমকে (রিতা) অন্য কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজের শপথ নেওয়ার পর নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথবাক্য পাঠ করাবেন। এরই মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্ভাব্য মন্ত্রী-প্রতিমন্ত্রীদের কয়েকজনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁদের সন্ধ্যায় বঙ্গভবনে উপস্থিত থাকতে বলা হয়েছে।

 

 

টিবিআই/ প্রীপা

আরও পড়ুন